নড়িয়ায় অভিযানে জব্দ ইলিশ মত্স্য অফিসে ভাগাভাগি!

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:৪১

ইলিশ রক্ষার অভিযানের শুরু থেকেই জব্দ করা মাছ গরিবদের মাঝে বিতরণের ক্ষেত্রে নড়িয়া উপজেলা মত্স্য অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়মের কথা স্থানীয় মানুষের মুখে মুখে প্রচারিত হলেও এত দিন তার প্রমাণ মেলেনি। কিন্তু গতকাল বুধবার অভিযানের শেষ দিনে মত্স্য অফিসের এই অনিয়মের বিষয়টি এই সংবাদদাতার ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। বাইরের কাঁচি গেট লাগিয়ে মত্স্য অফিসের ভেতরের বারান্দায় প্রতিদিনের মতোই জব্দকৃত মাছ ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েন নড়িয়া উপজেলা মত্স্য অফিসের কর্মচারী ও কর্মকর্তারা। এতিমদের না দিয়ে তারা নিজেদের মধ্যে মাছ ভাগাভাগি করছিলেন। আর এ দৃশ্যই ভিডিও করে ফেলেন এই সংবাদদাতা।

স্থানীয়দের অভিযোগ, নদীতে অভিযান চালানোর পর জেলেদের নিয়ে আসা হয় স্থানীয় ভূমি অফিসে। আর নদীর পাড় থেকেই কিছু মাছ এতিমখানায় দিয়ে বাকিটা নিয়ে আসেন নড়িয়া উপজেলা মত্স্য অফিসের কর্মকর্তারা।  ভ্রাম্যমাণ আদালত চলাকালেই  মত্স্য বিভাগের দায়িত্বরতরা বড় ইলিশ মাছ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। 

বুধবার সকাল ১০টার দিকে উপজেলা মত্স্য অফিসের রাসেদ, আউব আলী, আক্তারসহ অন্যরা মাছ ভাগাভাগি করছিলেন। এ বিষয়ে ক্যামেরার সামনে মত্স্য অফিসের কর্মচারীরা কোনো কথা বলতে রাজি হননি।