বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলায় যুবসমাজ অপরাধে জড়াচ্ছে ------------- প্রধান বিচারপতি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২২:৩৭

ইত্তেফাক রিপোর্ট

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সমাজের অনেক শিক্ষিত ব্যক্তি এখন বই কেনেন না আবার সংগ্রহে থাকার পরও বই পড়েন না। বই পড়ার আগ্রহ দিন দিন হারিয়ে ফেলার কারণেই আজকের যুবসমাজ নানা অপরাধ জগতে জড়িয়ে যাচ্ছে। ফলে ব্যক্তি ও পরিবারকে শিক্ষার আলোয় আলোকিত এবং সমাজকে উন্নত করতে বই ও পাঠাগারকে গুরুত্ব দিতে হবে। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, একটা সভ্যতাকে ধ্বংস করতে মহা কোনো পরিকল্পনার প্রয়োজন নাই। ঐ সভ্যতার সবগুলো বইও পুড়ে ফেলার কোনো দরকার নাই। শুধু মানুষকে বই পড়া থেকে বিরত রাখতে পারলেই তা হয়ে যাবে। আসুন বই পড়ার অসীম গুরুত্ব উপলব্ধি করে আমরা সবাই বই কিনি, বই পড়ি আর প্রিয়জনকে বই উপহার দেই। বই আমাদের আলোকিত মানুষ হতে সাহায্য করবে। তিনি বলেন, আমাদের সুশীল সমাজের অংশ হিসেবে বিচারক এবং আইনজীবীবৃন্দকে মনে রাখতে হবে- ধৈর্য, তিতিক্ষা ও সাধনা ছাড়া জ্ঞানের দীপশিখা জ্বলবে না। আইন শিক্ষার পাশাপাশি আমাদেরকে বিজ্ঞান, সাহিত্য, শিল্প, কাব্য, দর্শন এবং সাংস্কৃতিক বিষয়ক জ্ঞান অর্জনে ব্রতী হতে হবে। তথ্য প্রযুক্তিরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কারণ গৌরবের শিখরে পৌঁছানোর জন্য বই পড়ার বিকল্প নাই। নিজেকে জানতে হলে, পৃথিবীকে জানতে হলে বই পড়তে হবে। বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। পরে প্রধান বিচারপতি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন।