৩ নভেম্বর সরকারি ছুটি ঘোষণার আহ্বান সোহেল তাজের

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:০০

৩ নভেম্বর জেলহত্যা দিবসে সরকারি ছুটি ও তরুণ প্রজন্মকে জানাতে এই নৃশংস ঘটনার ইতিহাস স্কুল-কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় চার নেতার মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে সোহেল তাজ এ কথা বলেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চার নেতার সার্বিক অবদান—ভাষা আন্দোলন থেকে শুরু করে ছয় দফা, গণঅভ্যুথান, সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা, আগামী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। স্কুল/কলেজের পাঠ্যসূচিতে এই চার নেতার (সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান) পৃথক এবং বিস্তারিত জীবনী ও অবদান তুলে ধরতে হবে। যাতে করে নতুন প্রজন্ম জানতে পারে যে, জাতির পিতা বঙ্গবন্ধু তার সঙ্গে রেখেছিলেন যোগ্য ব্যক্তিদের যারা তাদের দক্ষতা, যোগ্যতা আর দেশপ্রেম দিয়ে অর্জন করেছিলেন বঙ্গবন্ধু এবং এ জাতির আস্থা। এই চার জাতীয় বীর ইতিহাসের শুধু ফুটনোট হতে পারে না। কারণ তাদের দিয়েই শুরু হয়েছে বাংলাদেশের ইতিহাস। ৩ নভেম্বর জেলহত্যা দিবস রাষ্ট্রীয় মর্যাদায় পালনের লক্ষ্যে সরকারি ছুটির দিন ঘোষণা করে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং এই দিনের তাত্পর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত।’