রোহিঙ্গা ভোটার ঠেকাতে সতর্ক হওয়ার আহ্বান

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:০৩

রোহিঙ্গাদের অবৈধভাবে বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তি ও জাতীয় পরিচয় নিবন্ধন রোধে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বুধবার চার ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ইসি সূত্র জানায়, সভায় শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থের ওপরে দেশকে গুরুত্ব দিতে হবে, ভোটার তালিকা হালনাগাদের সময় অথবা এনআইডি তৈরির আবেদনের সঙ্গে সংযুক্ত দলিলপত্র অনুমোদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থার কর্তৃপক্ষ ব্যক্তির নিশ্চিত হয়ে জন্ম নাগরিক এবং শিক্ষাগত সনদ দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর, দপ্তরগুলোকে খুবই সচেতন হতে হবে।

মতবিনিময় সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর এবং সংস্থাকে সনদ দেওয়ার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে।

ভার্চুয়াল সভায় জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে জড়িত জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের ডিজি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিনিধি, রোহিঙ্গা অধ্যুষিত ৩২টি বিশেষ অঞ্চলের জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার, পুলিশ, র্যাব, বিজিবি, পাসপোর্টসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।