ভোটের রাতে হোয়াইট হাউজে বিয়ার এবং রীতি ভঙ্গের এক পার্টি

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:০৬

মঙ্গলবার সারারাত ধরে হোয়াইট হাউজে ছিল টানটান উত্তেজনা। প্রেসিডেন্টের সব কর্মী এবং তার নির্বাচনী প্রচারণার কর্মকর্তারা প্রায় সারা রাত সেখানেই ছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকবেন কীনা, সেটা যখন নিশ্চিত করে বলা যাচ্ছে না, তখন একটা কাজই তারা করতে পারেন—কেবল অপেক্ষা করা। পার্টি জমিয়ে রাখতে রাখা হয়েছিলো প্রচুর বিয়ারও।

হোয়াইট হাউজে তখন প্রেসিডেন্টের নির্বাচনী পার্টি শুরু হয়ে গেছে। শত শত লোককে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পার্টির আয়োজন করা হয়েছে অতীত ঐতিহ্য ভঙ্গ করে। নির্বাচনের রাতে প্রেসিডেন্ট যে হোয়াইট হাউজে কোন জমকালো পার্টির আয়োজন করতে পারবেন না, সেরকম কোনো আইন নেই। কিন্তু এর আগে আর কোন প্রেসিডেন্ট এরকম কাজ করেননি।

প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ওয়াশিংটনে সবকিছুকে নাড়িয়ে দিয়েছেন এবং বহু রীতি ভেঙ্গে ফেলেছেন, সেগুলো তার সমর্থকরা খুবই পছন্দ করেন। তার এই প্রথা বিরোধী দৃষ্টিভঙ্গীই হয়তো তাকে পুননির্বাচিত করবে। এই পার্টিতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও হাজির হন। মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিলেন। তিনি নির্বাচনে জিতেছেন বলেও দাবি করেন।