গাজীপুরে বঙ্গবন্ধু সাফারী পার্কে বাঘিনীর সংসারে নতুন অতিথি

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

গাজীপুর: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের বাঘিনী শাবক জন্ম দিয়েছে। শাবকটি দুই মাস আগে জন্ম নিলেও নিরাপত্তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষ সোমবার নতুন বাঘ শাবক জন্মের খবরটি প্রকাশ করে। পার্কের বন্যপ্রাণী পরিদর্শক আনিছুর রহমান জানান, গত ১ নভেম্বর পার্কের অভ্যন্তরে উন্মুক্ত পরিবেশে বাঘিনিটি একটি মাদী শাবক জন্ম দেয়। শাবক ও তার মায়ের নিরাপত্তার কথা চিন্তা করেই এ খবর গোপন করে রাখা হয়েছিল। এখন উভয়েই সুস্থ রয়েছে। শাবকটি নিয়মিতভাবেই তার মায়ের দুধ পান করছে। মা-সন্তানের স্বাস্থ্যের কথা বিবেচনা করে তার মাকে অতিরিক্ত খাবারও দেয়া হচ্ছে। পার্ক কর্তৃপক্ষ জানান, নতুন জন্ম নেয়া শাবকসহ পার্কে এখন বাঘের সংখ্যা ১৩টিতে পৌঁছেছে। গত ৮ আগস্ট এখানে রাণী নামের একটি বাঘিনি ৩টি শাবকের জন্ম দেয়; যার মধ্যে একটি ছিল সাদা বাঘ শাবক। এখানকার পরিবেশ প্রাণীদের জন্য অনুকূল থাকায় এবং তাদের বিশেষ ব্যবস্থাপনায় লালন-পালন করায় নিয়মিত বাচ্চা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাঘ ও সিংহের বেলায় আশার সঞ্চার হয়েছে। ভবিষ্যতে এখান থেকেই দেশের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে প্রাণী সরবরাহ করা যাবে              —ইত্তেফাক