কুষ্টিয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৫:৩০

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে ইয়াছির মোল্লা (২৫) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। ইয়াছির মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের মৃত ইছাহাক মোল্লার ছেলে। 

 

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১০টার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয় গেটের সামনে থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে আসামি ইয়াছির মোল্লাসহ তার সহযোগীরা অপহরণ ও জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

আরো পড়ুন : চীনে কয়লা খনি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দয়ের করা হয়। মামলাটির তদন্ত শেষে অভিযুক্ত ইয়াছির মোল্লাকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক  এ রায় দেন। 

 

ইত্তেফাক/ইউবি