পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের জৌতা মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে বাবুরহাট পর্যন্ত দেড় কিলোমিটার হেরিংবন সড়কের নির্মাণকাজে নি¤œমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮২ লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে আবুল কালাম এন্টারপ্রাইজ নামের নির্মাতা প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯-২০২০ অর্থ বছরে ওই সড়কটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। টেন্ডার প্রক্রিয়ায় অংশ নিয়ে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় আবুল কালাম এন্টারপ্রাইজ। কার্যাদেশ পাওয়ার পর দেড় কিলোমিটার সড়কের বেড কেটে স্যান্ড ফিলিং করা হয়। স্যান্ড ফিলিং করার পর নিম্নমানের ইট দিয়ে হেরিংবন করা হচ্ছে।
স্থানীয় রহিম মৃধা বলেন, হাত দিয়ে চাপ দিলেই ইট গুড়ো হয়ে যাচ্ছে। আমরা চাই শিডিউল অনুযায়ী ঠিকাদার মানসম্পন্ন ইট দিয়ে সড়কটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। সেক্ষেত্রে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা থাকবে। ঠিকাদারের সুবিধার জন্য ইতিমধ্যে আমরা ফসলী জমির ভূগর্ভ থেকে বালু উত্তোলনের সুযোগ দিয়েছি। এরপরও ঠিকাদার যদি নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ করে তা আমরা কোনোভাবেই মেনে নেবো না। সড়কটির বিভিন্ন অংশে রেইনট্রি গাছের ডালপালা ও ব্যারেল দিয়ে পাইলিং করা হয়েছে। সামান্য বৃষ্টিতে সেই পাইলিং ভেঙে গেছে।
আরও পড়ুন: কালিয়ায় প্রকাশ্যে সরকারি গাছ কর্তন
আভিযোগ অস্বীকার করে বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, নির্মাণ কাজে অনিয়ম করার সুযোগ নেই। তদারকির পর শিডিউল অনুযায়ী কাজের প্রমাণ না পেলে বিল পরিশোধ করা হবে না।
ইত্তেফাক/এসি
