ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী তিথী সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে আবু মুসা রিফাত নামে এক শিক্ষার্থী মামলাটি করেন।
এর আগে মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল অভিযোগের বিষয়ে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে ১২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, তিথী সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের একজন শিক্ষার্থী। তিনি ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ইসলাম ধর্মের মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেছেন।
তিথী সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ইতোমধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংগঠন থেকে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একই অভিযোগে গত ২৬ অক্টোবর তিথী সরকারকে বিশ্ববিদ্যালয় থেকেও সাময়িক বহিষ্কার করা হয়। তিথী সরকারের স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েক দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এদিকে, গত ২৫ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন তিথী সরকার। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে তাকে না পেয়ে ২৭ অক্টোবর পল্লবী থানায় জিডি করে তার পরিবার।
ইত্তেফাক/ইউবি
