সাভারে গাড়ির ধাক্কায় শ্রমিক আহত, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে চলাচলরত কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে তুরাগ এলাকার ব্যান্ডো ইকো এ্যাপারেলন্স লিঃ কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের ময়লা বোঝাই একটি গাড়ির সংঘর্ষ হয়। এ সময় বাসের মধ্যে থাকা কয়েকজন  শ্রমিক আহত হলে ময়লা বোঝাই গাড়ি চালকের সাথে তাদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ওই ময়লা বোঝাই গাড়ির চালক পোশাক কারখানার এক শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করে। এতে ক্ষিপ্ত শ্রমিকরা একজোট হয়ে ওই গাড়ি চালকে পিটুনি দেয়। পরে শ্রমিকরা সকাল ৮টা থেকে প্রায় ১০টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত গাড়ি চালক ও শ্রমিকদের উদ্ধার করে চিকিত্সা দেয়া হয়েছে। এ ঘটনায় গতকাল ওই পোশাক কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. আবুল হোসেন জানান, একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের একটি ময়লাবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু দুই ঘণ্টা চেষ্টার পরও রাস্তা না ছাড়ায় জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে সড়কটিতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।