যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের পর দিন রেকর্ডসংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৫১৯ জনের দেহে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে এক দিনের সর্বোচ্চ সংক্রমণ। বেশ কয়েকটি রাজ্যের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীর উপচে পড়া ভিড় দেখা গেছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু, দুই দিক দিয়েই বিশ্বে অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনায় করোনা ভাইরাস সংকট গত কিছু দিন ধরে অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। তবে ভোটের জমায়েত যে এ রোগের বিস্তার আরো বাড়িয়ে দিতে পারে, সে আশঙ্কা আগে থেকেই ছিল। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে ৫০ হাজারের বেশি মানুষ এখন করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। এ সংখ্যা গত অক্টোবরের চেয়ে ৬৪ শতাংশ বেশি। দৈনিক গড় মৃত্যুর সংখ্যাও আবার বেড়ে গেছে। অবশ্য এখনো তা মহামারির শুরুর দিনগুলোর চেয়ে কম। প্রথম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যায় কোটির দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এ বিষয়টি নিয়ে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির দৃষ্টি আকর্ষণ করেছিল ওয়াশিংটন পোস্ট। উত্তরে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থা ‘বোধ হয় এরচেয়ে খারাপ হওয়া’ সম্ভব ছিল না।
