বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়েই কার্যত সিনিয়র ক্রিকেটে নাম লিখিয়েছেন চলতি বছরের শুরুতে যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররা। টুর্নামেন্টের তিনটি দলে সুযোগ পেয়েছিলেন চ্যাম্পিয়নরা। মাহমুদউল্লাহ রিয়াদের একাদশে খেলেছেন মাহমুদুল হাসান জয়। ব্যাট হাতে অধিনায়কের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। সন্তুষ্ট হয়ে অনুজকে ব্যাট উপহার দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
বর্তমানে এইচপি ক্যাম্পে অনুশীলন করছেন জয়। গতকাল বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলার অভিজ্ঞতা জানাতে গিয়ে মাহমুদউল্লাহর হাত থেকে পুরস্কার পাওয়ার কথা বলেন এই তরুণ।
প্রাথমিকভাবে চারে ব্যাট করার কথা ছিল জয়ের। পরে মাহমুদউল্লাহর প্রস্তাবেই তিনে নেমেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। যেখানে জয়ের প্রতি অধিনায়কের বার্তা ছিল, শুরুতে নতুন বলটা খেলে পুরোনো করে আসতে হবে। সেই দায়িত্ব পালনে ভুল হয়নি জয়ের। তিন ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৮৯ রান করেছেন তিনি। গতকাল জয় বলেন, ‘ঐটাতে আমাদের টিম প্ল্যান ছিল যে আমি নাম্বার ফোরে ব্যাটিং করব। রিয়াদ ভাই আমাকে হঠাত্ এসে বলল তুই তিনে ব্যাটিং করতে পারবি? আমি বললাম জি ভাই আমি পারব। উনি শুধু আমাকে প্ল্যানটা দিয়েছিল যে, তুই শুধু নতুন বলটাকে একটু পুরোনো করে দিয়ে আসবি। তারপর সেটা আমাদের দেখার বিষয় আমরা দেখে নিব।’ ব্যাট পুরস্কার পাওয়া নিয়ে জয় বলেছেন, ‘এটা আসলে আমার কাছে অনেক এক্সাইটিং কারণ উনি যে প্ল্যানটা দিয়েছিল সেটায় আমি সাকসেসফুল হতে পেরেছি। তারপর উনি আমাকে একটা ব্যাট গিফট করে ম্যাচ শেষে, নেক্সট প্র্যাকটিস সেশনে।’
বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলে নিজেদের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে, অনেক কিছু শিখেছেন বিশ্বকাপ জয়ীরা। গতকাল জয় বলেছেন, ‘আসলে আমি তিনটা ম্যাচে সুযোগ পেয়েছি। আমার যতটুকু সম্ভব আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। সিনিয়র ভাইদের সঙ্গে আমরা ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি এটায় আমাদের অনেক এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে। আমরা চ্যাম্পিয়নও হয়েছি।’
