বৃহস্পতিবার দিবাগত রাতেই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা সাকিব আল হাসানের। নিষেধাজ্ঞা কাটিয়ে মুক্ত সাকিব প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে। তার আগে ৯ নভেম্বর ফিটনেস টেস্টে অংশ নিবেন তিনি।
প্রিয় শিষ্য ফিটনেস টেস্ট উতরে যাবেন বলেই আশা দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। ব্যাটে-বলে সাকিবের ছন্দে ফেরা নিয়ে উদ্বিগ্ন নন তিনি। তার বিশ্বাস, কিছুটা সময় লাগলেও সেরা ফর্মে ফিরবেনই এই বাঁহাতি অলরাউন্ডার। গতকাল মিরপুর স্টেডিয়ামে সালাউদ্দিন বলেছেন, ‘খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে।’
গত সেপ্টেম্বরে বিকেএসপিতে সালাউদ্দিন, নাজমুল আবেদীন ফাহিমের তত্ত্বাবধানেই নিবিড় অনুশীলন করেছেন সাকিব। ফিটনেস টেস্ট তাই চিন্তার কারণ নয়। সালাউদ্দিন গতকাল বলেছেন, ‘ভালো লাগতেছে যে, সে আবার ক্রিকেট খেলা শুরু করবে। আমেরিকাতে কী করেছে তা তো জানি না; কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকাতে ফিটনেস নিয়ে কাজ করে থাকে, আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে।’
