‘আইপিএলে’ জাহানারার দারুণ শুরু

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:১৩

গতবার যেখানে শেষ করেছিলেন, এবার সেখান থেকেই যেন শুরু করলেন জাহানারা আলম। আট মাস পর ম্যাচ খেলতে নেমেও তিনি উপহার দিলেন বেশ ভালো বোলিং। ভারতের উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের গত আসরে ফাইনালে দারুণ বোলিংয়ের পর এবার প্রথম ম্যাচেও গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিলেন বাংলাদেশের এই পেসার।

ভেলোসিটির হয়ে সুপারনোভাসের বিপক্ষে শারজায় চার ওভারে ২৭ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন জাহানারা। প্রতিপক্ষের সেরা দুই ব্যাটার ছিল তার শিকার। বিপজ্জনক হয়ে ওঠা চামারি আতাপাত্তু ছিল জাহানারার প্রথম শিকার। নিজের শেষ ওভারে তিনি ফেরান আরেক আগ্রাসী ব্যাটার হারমানপ্রিত কাউরকে। এই ম্যাচ দিয়েই বুধবার শুরু হলো উইমেন টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। টুর্নামেন্টের এটি তৃতীয় আসর। মেয়েদের আইপিএল হিসেবে এটিকে গড়ে তোলার চেষ্টা করছে ভারতীয় বোর্ড।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট মিলিয়েই এই প্রথম ম্যাচ খেলতে নামলেন জাহানারা।