সার্জিও রামোসের সঙ্গে নতুন চুক্তির আলোচনা শুরু করে দিয়েছে রিয়াল মাদ্রিদ, নির্ভরযোগ্য সূত্র ধরে এমনটাই জানাচ্ছে ইএসপিএন। আসছে জুনেই স্প্যানিশ অধিনায়কের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে রিয়ালের। তার আগে দুই পক্ষই আগ্রহী চুক্তি নবায়ন নিয়ে। আলোচনাটা গেল জুলাই মাসে শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারি সৃষ্ট অর্থনৈতিক সংকটে পিছিয়ে যায় তা। সূত্র জানাচ্ছে, অধিনায়ক রামোসের চুক্তি নবায়নের বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যমে গুঞ্জন, নতুন চুক্তি অনুসারে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মাদ্রিদে থাকবেন রামোস। তবে ফর্ম আর ফিটনেসের কথা মাথায় রেখে মেয়াদটা এক বছরে নেমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
