পানির মান পরীক্ষা

প্রতিবেদন দাখিলে এক সপ্তাহ সময় পেল বিএসটিআই

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০০:৩৯

ইত্তেফাক রিপোর্ট

বাজারজাত করা জার ও বোতলজাত খাবার পানির গুণগুত মান পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বিএসটিআইকে এক সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। প্রতিষ্ঠানটির আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আগামী ২১ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে হাইকোর্ট।

গতকাল বিএসটিআইয়ের পক্ষ থেকে আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, বিএসটিআইয়ের নিজস্ব সার্ভিলেন্স টিমের মাধ্যমে সম্প্রতি বাজার ও কারখানা থেকে ৩৮টি নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ১৭টি কৃতকার্য হয়েছে। আর ২০টি অকৃতকার্য হয়েছে। তিনটির লাইসেন্স বাতিল করা হয়েছে। ২৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৮৭টি মামলা করা হয়েছে। ৪৯ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩৫টি কারখানা সিলগালা করা হয়েছে। ৬৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিবেদন দাখিলের পর হাইকোর্ট বলেন, আমরা তো পানির গুণগত মান পরীক্ষার জন্য নির্দেশ দিয়েছি। সেটা দাখিল করুন। এরপর সময় চাইলে আদালত তা মঞ্জুর করে। এ সময় রিটকারীর আইনজীবী জেআর খান রবিন উপস্থিত ছিলেন।