চলতি বছরে লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স। লোকসানের মধ্যে পড়া কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৯ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ এবং রেকর্ড ডেট এখনো নির্ধারণ করা হয়নি। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে গতকাল কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।
২০১৯ সালের লভ্যাংশের পাশাপাশি কোম্পানিটির চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ৮ পয়সা মুনাফা করে।
তৃতীয় প্রান্তিকের ব্যবসায় লোকসান করায় ৯ মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) হিসাবে কোম্পানিটির লোকসানের পাল্লা ভারী হয়েছে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৩৮ পয়সা। আগের বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি ১১ পয়সা মুনাফা করে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৭ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৬ টাকা ৬১ পয়সা।
