হাজারে ক্যাশ আউট চার্জ ১০ টাকায় নামিয়ে আনল ‘নগদ’

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৩

সরকার বিশাল জনগোষ্ঠীকে ক্যাশলেস লেনদেনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। এরই অংশ হিসেবে ডাক বিভাগের ‘নগদ’ এর আগমন। নগদ শতভাগ ডিজিটাল লেনদেনের শক্তিশালী একটি প্ল্যাটফরম। এটাকে সব শ্রেণি-পেশার মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে কমিয়ে আনা হয়েছে সার্ভিস চার্জ। যা অন্যান্য মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিসের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। 

গতকাল বৃহস্পতিবার নগদের সার্ভিস চার্জ কমানো সংক্রান্ত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। তিনি রাজধানীর একটি হোটেলে ভার্চুয়ালি অংশ নেন। এ সময় নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক, নির্বাহী পরিচালক মো. শাফায়েত আলম, পরিচালক রেজাউল হোসেন ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল উপস্থিত ছিলেন।   

নগদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মানুষের জন্য সূলভ মূল্যে ক্যাশ আউট চার্জ সেবা নিয়ে আসার অংশ হিসেবে প্রতি ১ হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সায় নামিয়ে এনেছে। যা বর্তমানে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ‘নগদ’-এর অ্যাপ ব্যবহারকারীরা এই সেবা উপভোগ করতে পারবেন।   

দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল ফোন ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ গত অক্টোবর মাসের ১ তারিখ থেকে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করেছিল। যদিও এই সুবিধা উপভোগের জন্য শর্ত ছিল ২ হাজার ১০০ টাকা বা তার অধিক টাকা ক্যাশ আউটে এই সুবিধা উপভোগ করা যাবে। এখন থেকে আর সেই শর্ত থাকছে না। সবার জন্য এই সুবিধা দেওয়ার জন্য ‘নগদ’ এই সিদ্ধান্ত নিয়েছে।

‘নগদ’-এর যেসব গ্রাহক অ্যাপ ব্যবহার করেন না, অর্থাত্ ইউএসএসডি-এর মাধ্যমে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ হবে ১২ টাকা ৯৯ পয়সা। উভয় ক্ষেত্রে গ্রাহককে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রদান করতে হবে।