কারখানার লাইসেন্স নিতে মানতে হবে ১০ শর্ত

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৪

কারখানা ও প্রতিষ্ঠানে কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম পরিদর্শন দক্ষভাবে সম্পন্ন করতে বিষয়ভিত্তিক চার ধরনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) বা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। এই এসওপি অনুযায়ী, কারখানার লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে মানতে হবে অন্তত ১০টি শর্ত। এগুলো হলো—ট্রেড লাইসেন্স, ভাড়ার চুক্তি বা জমির খতিয়ান, কারখানা মালিকের জাতীয় পরিচয়পত্রের কপি, বিদ্যুতের ডিমান্ড নোট, অংশীদারি চুক্তির কপি বা কোম্পানির ক্ষেত্রে মেমোরেন্ডাম অব আর্টিকেল, কারখানার লে আউট প্ল্যান অনুমোদনের কপি, ফি পরিশোধের কপি, কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীর তালিকা, ফায়ার লাইসেন্সের কপি, প্রযোজ্য অন্য কোনো লাইসেন্স। এসব শর্ত পূরণ হলে লাইসেন্স দেবে ডিআইএফই। গত বুধবার এ সংক্রান্ত এসওপি চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার চার ধরনের এসওপি হলো শ্রম অভিযোগ ও তদন্ত, কারখানার লেআউট প্ল্যান অনুমোদন, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ও লাইসেন্স প্রদান প্রক্রিয়া, পেশাগত দুর্ঘটনা ও তদন্ত।