বাংলাদেশে বড় প্রকল্পে বিনিয়োগ বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৪

বাংলাদেশে মেগা প্রকল্পে আরো বিনিয়োগ বাড়াতে আগ্রহী দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নবনিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কেইন। তিনি বলেন, কোরিয়া বাংলাদেশে ষষ্ঠ বৃহত্ বিনিয়োগকারী। তাদের বিনিয়োগের পরিমাণ প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার (১০ হাজার ২০০ কোটি টাকা)। প্রায় ২০০ কোরিয়ান কোম্পানি এ দেশে বিনিয়োগ করেছে। কোরিয়ান ইপিজেড দুই দেশের বন্ধুত্বের উত্কৃষ্ট উদাহরণ। তৈরি পোশাকের পাশাপাশি বর্তমানে অবকাঠামো উন্নয়ন, ইলেকট্রনিকস এবং অটোমোবাইল খাতে কোরিয়া বিনিয়োগ করছে। এর পাশাপাশি বঙ্গবন্ধু মেডিক্যাল ইউনিভার্সিটি ও হসপিটাল নির্মাণে যৌথ উদ্যোগে পরিকল্পনা করা হচ্ছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূত তার সময়কালে দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি লভ্যাংশ কমে যাওয়া, শ্রম আইনের পরিবর্তন এবং অবসর গ্রহণকারী কর্মীদের সুবিধাসহ বিদ্যমান কিছু সমস্যা সরকারের সঙ্গে আলাপ-আলোচনার প্রেক্ষিতে দ্রুত সমাধানের মাধ্যমে এ দেশে কোরিয়ান বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।