মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদ লেকে ভাসল নৌকা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষ্যে সংসদ লেকে ভাসানো হলো আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন দুটি গয়না নৌকা। বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৈরি করা নৌকা দুটি গতকাল সংসদের লেকে ভাসানো হয়। নৌকার লাল-সবুজ পালের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের লোগো। নৌকার ছাউনিতে রয়েছে বিভিন্ন গ্রামীণ নকশা। নৌকা দুটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। একেকটি নৌকা ২৭ ফুট লম্বা এবং পাঁচ ফুট চওড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক আনিসুজ্জামানের তত্ত্বাবধানে নৌকা দুটি তৈরি করা হয়, নকশাও করেছেন তিনিই। চূড়ান্তপর্বে প্রখ্যাত শিল্পী হাশেম খান কিছু সংযোজন-বিয়োজন করেছেন বলে পর্যটন করপোরেশন জানিয়েছে।

সংসদ লেকে নৌকা দুটি ভাসানো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, নৌকা ও জয়বাংলা বাঙালির জন্য একটি শক্তি। নৌকা ও জয়বাংলা স্লোগানের মধ্যেই স্বাধীনতা ও স্বাধিকারের অনুপ্রেরণা জড়িয়ে আছে। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে নৌকা প্রতীকের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়। বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। সংসদ সচিব জাফর আহমেদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, সৈয়দা রুবিনা আক্তার।