জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। গতকাল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শরত্কালীন সেমিস্টার-২০২০ এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কেননা এখনো অনেকে এ সুযোগ থেকে বঞ্চিত। পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর অধিকারের প্রতি সম্মান দেখিয়ে যথাযথ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
