একাদশ সংসদ নির্বাচন

এমপিদের শপথ বাতিলের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০০:৪৬

একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। এতে এমপিদের শপথ বাতিল করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৮ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের জন্য উকিল নোটিস দেওয়া হয়। কিন্তু ওই নোটিসের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট করা হয়েছে বলে জানান রিটকারীর আইনজীবী এম মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী শপথের জন্য নির্বাচিতদের উচিত ছিল ১২৩(৩) অনুচ্ছেদ অনুযায়ী ২৮ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা।

রিট আবেদনে বলা হয়, গত ৩০ ডিসেম্বর ২৯৯টি সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯(৩) ধারা অনুযায়ী নির্বাচিত এমপিদের নামের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয় পহেলা জানুয়ারি। গেজেট প্রকাশের পর ৩ জানুয়ারি স্পিকার নবনির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করান। কিন্তু এমপিদের নেওয়া ওই শপথ সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের লঙ্ঘন। রিটে বলা হয়, দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হবে ২৮ জানুয়ারি। ওই সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিদের শপথ দেওয়া হয়েছে গত ৩ জানুয়ারি। এটা সংবিধানের লঙ্ঘন। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া কেবল বেআইনি হয়নি, তাদের পদের মেয়াদও অবৈধভাবে বৃদ্ধি করে নেওয়া হয়েছে। এতে তারা সংসদ সদস্য পদটিকেও অকার্যকর করে ফেলেছেন। স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ এ রিট করেন।