সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা নুরানী নদী। যা দখলদূষণে এখন খালে পরিণত হয়েছে। এই খালের গুরুত্বপূর্ণ স্থানে সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশাল জনগোষ্ঠীর একটি অংশ। জনপ্রতিনিধিদের কাছে বারবার সেতু নির্মাণের দাবি জানালেও আশ্বাসেই চার যুগ পার হয়ে গেছে বলে জানা গেছে। তাই নিজস্ব অর্থায়নে অর্ধনির্মিত একটি বাঁশের সেতু নির্মাণ করেন গ্রামবাসী। এখান দিয়েই ছোট কালিয়াকৈর, বড় কালিয়াকৈর, গোলাই, নবগ্রাম, আইরমারা, শিবপুর, আটকোরিয়া, এগারশ্রী, গাড়াদিয়া, বাংগালা গ্রামের লোক যাতায়াত করেন।
গ্রামবাসী জানান, কুইচার ঘাট খাল পারাপারের জন্য বাড়ি বাড়ি থেকে আদায় করা চাঁদায় ছয়টি পিলার তৈরি করা হয়। অর্থসংকটের কারণে পূর্ণাঙ্গ সেতু নির্মাণ করা সম্ভব হয়নি। যার দরুন ঐ পিলারের ওপর বাঁশের মাচা বসিয়ে সেতু তৈরি করে খাল পারাপারের কিছুটা দুর্ভোগ লাঘব হচ্ছে। তবে কৃষকের উত্পাদিত ফসল বাজারজাতকরণ, শিক্ষার্থী ও মুমূর্ষু রোগীর চিকিত্সাসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবকরা থাকেন আতঙ্কে। স্কুল শিক্ষার্থীরা জানায়, খেয়া পারে বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়। ফলে সময়মতো ক্লাস করা যায় না। তাই সরকারের কাছে সেতু নির্মাণের দাবি তাদের।
