রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৫৬

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার রাস্তাগুলি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ৯টি ওয়ার্ডের প্রায় সবগুলো রাস্তার অবস্থা একইরকম। অটোরিকশা ও ভারী যানবাহন চলাচলের সময় যানজট লেগেই থাকে। পৌরসভায় পাকা, আধা পাকা এবং কাঁচা রাস্তাও রয়েছে। রাস্তাগুলির কোথাও ইটের সলিং উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার মাটি-কাদায় একাকার। ৯নং ওয়ার্ডের মাওনাবাজার থেকে বহেরারচালা নতুনবাজার এবং ৮নং ওয়ার্ডের মাওনা চৌরাস্তা থেকে কেওয়া পশ্চিম খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা দুটির ইটের সলিং উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং কোথাও কোথাও পানি জমে রাস্তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৮নং ওয়ার্ড প্রশিকা মোড় থেকে ৭নং ওয়ার্ড ধনাই বেপারী উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি খানা-খন্দের কারণে যানবাহন একেবারেই চলাচল করতে পারে না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আসপাডা মোড় থেকে পশ্চিম দিকে ৭নং ওয়ার্ড হয়ে দোখালা পর্যন্ত এবং আসপাডা মোড় থেকে পূর্ব দিকে ৫নং ওয়ার্ড হয়ে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা দুটি ইট বালু সুরকি উঠে গিয়ে কাদা-পানিতে একাকার। পায়ে হাঁটাই একমাত্র ভরসা। ৫নং ওয়ার্ড তুলা গবেষণা কেন্দ্রের পূর্বপাশ থেকে বৈরাগীরচালা পর্যন্ত সড়কটির অবস্থা খুবই করুণ, রিকশা পর্যন্ত চলে না। ৪নং ওয়ার্ড আনসার রোড থেকে নাড়াইন্না পুকুরপাড় হয়ে বৈরাগীরচালা আমান টেক্সটাইল পর্যন্ত সড়কটিও দুর্দশাগ্রস্ত। মাওনা-শ্রীপুর রোডের নতুনবাজার থেকে ৬নং ওয়ার্ড উজিলাবর গ্রাম পর্যন্ত রাস্তা এখনো কাঁচা। বর্ষার সময়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় পৌরবাসীকে। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের রাস্তাগুলির মুখটুকু শুধু পাকা করে ফেলে রাখা হয়েছে। ২০ বছর বয়সের প্রথম সারির একটি পৌরসভার এসব রাস্তা দেখলে যে কেউ বলবে, দেখার কি কেউ নেই? জরুরিভিত্তিতে নাগরিকদের যাতায়াত সুগম করতে রাস্তাগুলির সংস্কার একান্ত প্রয়োজন। মনে রাখতে হবে পৌরসভার নাগরিকরা কর দেন।

কামরুজ্জামান

শ্রীপুর, গাজীপুর