দেশে গত এক দিনে আরো ১ হাজার ৮৪২ জনের শরীরে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা গত ৫৬ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বেশি নতুন রোগী শনাক্তের খবর এসেছিল গত ১০ সেপ্টেম্বর। সেদিন ১ হাজার ৮৯২ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ১৬ হাজার ৬ জন রোগী শনাক্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আরো ১৭ জনের মৃত্যু হওয়ায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১। অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৮৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছে গত এক দিনে। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২টি নমুনা।
