রংপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়ার মামলায় ছয় পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শওকত আলী এই আদেশ দেন। রংপুর আদালতের মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদির জানান, পুলিশের চাকরি হওয়ার পর তাদের মুক্তিযোদ্ধার সনদ যাচাই-বাছাইয়ে সন্দেহ হলে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০১৯ সালে কোতোয়ালি থানায় দুইটি পৃথক মামলা করে পুলিশ। এর মধ্যে রংপুরের তারাগঞ্জের নেকিরহাটের নছির উদ্দিনের পুত্র কনস্টেবল মনোয়ার হোসেন নীলফামারী জেলায় কর্মরত, একই উপজেলার খারুয়া বাধার ভেটুপাড়ার আশিকুর রহমানের পুত্র মাহবুব আলম ওরফে মিনারুল ইন্ডাস্ট্রিয়ালে, সদর থানার মমিনপুরের মহিষপুরের মোস্তাফিজার রহমান ডিএমপিতে, পীরগঞ্জের শানেরহাটের প্রথম ডাঙ্গার খলিলুর রহমানের পুত্র নুরন্নবী মিয়া বগুড়া এপিবিএন এবং সদরের মমিনপুরের খারুয়া বাধার আজহারুল ইসলামের পুত্র শফিউজ্জামান বিপ্লব ও সদরের পালিচড়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব আলম সিলেট এপিবিএনে কর্মরত আছেন। এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি নেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়।
