কুমিল্লায় বাড়িঘরে আগুন

চার মামলায় গ্রেফতার ১৩, আজ ঘটনাস্থলে যাচ্ছে তদন্ত টিম

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২২:১১

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারের কোরবানপুর গ্রামে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে দুইটি বাড়িতে হামলা, ভাঙচুর ও ছয়টি ঘর আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে যাবেন। কমিটির কর্মকর্তারা স্থানীয় পূর্বধইর পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকার লোকজনের বক্তব্য নেওয়াসহ সরেজমিনে তদন্ত কাজ পরিচালনা করবেন। এদিকে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঐ ঘটনায় এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদোতে বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন করে সম্প্রতি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বাঙ্গরা বাজার থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়। পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরে ঐ স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজিত জনতা গত রবিবার বিকালে পূর্বধইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও এক আসামির বাড়িতে হামলা চালায়।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, এ ঘটনায় স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক শওকত ওসমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।