অর্ধশত হলে ‘মিস্টার বাংলাদেশ’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৪৭

দেশের সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’। আকতারুল ইমান পরিচালিত ছবিটি আজ দেশের ৫০টি হলে মুক্তি পাবে। শানেরাই দেবী শানু এই ছবিটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বড়পর্দায় অভিনয় করলেন। তার বিপরীতে অভিনয় করেছেন খিজির হায়াত খান। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। ছবিটি প্রসঙ্গে খিজির বলেন, ‘আমাদের অনেক তরুণ ভুল ব্যাখ্যায় তাদের জীবন এগিয়ে নিয়ে যাচ্ছে। জঙ্গি এরমধ্যে একটি অন্যতম সমস্যা। হোলি আর্টিজানে জঙ্গি হামলায় আমার বন্ধু ইসরাত আখন্দ নিহত হয়েছেন। এই তাড়না থেকেই ছবিটি নির্মাণ করতে যাওয়া।

 ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিরীহ মানুষকে হত্যা কোনো কারণ হতে পারে না।’ দেশে ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। জঙ্গিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক যুবকের জঙ্গি আক্রমণে পরিবার-স্বজনসহ সর্বস্ব হারিয়ে ‘মিস্টার বাংলাদেশ’ হয়ে ওঠার গল্প নিয়ে এই ছবি। ছবির মাধ্যমে নিজের প্রযোজনায় তৃতীয় ছবি আনছেন খিজির হায়াত খান। এই ছবির নায়কও তিনি।  কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে নায়িকা হয়েছেন শানেরাই দেবী শানু। খল-চরিত্রে অভিনয় করেছেন দুর্দান্ত দুই অভিনেতা টাইগার রবি ও শাহরিয়ার ফেরদৌস সজীব। শুধু তাই নয়, এই চলচ্চিত্রের মাধ্যমে সাইফ আজাদ, সোলাইমান সুখন ও শামীম হাসান সরকারের অভিষেক হচ্ছে।