আপিল বিভাগের রায় সবার অনুসরণ করা উচিত :হাইকোর্ট

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২২:২৫

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার-সংক্রান্ত আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়িত না হওয়ায় উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, এই রায়টি বাস্তবায়নের দিকে নজর দেওয়া উচিত। আমরা সেভাবেই পর্যবেক্ষণ দেব। যাতে রায়টি সবাই অনুসরণ করে। করোনাকালে মধ্যপ্রাচ্য থেকে ফেরত ২১৯ প্রবাসীকে সিআরপিসির ৫৪ ধারায় গ্রেফতার-সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই মন্তব্য করেন।

করোনাকালে কুয়েত, বাহরাইন ও কাতার থেকে ফেরত ২১৯ জন প্রবাসীকে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। কোয়ারেন্টাইন শেষে কী কারণে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় হাইকোর্টে মামলা করেন কারাগারে থাকা বেশ কয়েক জন প্রবাসী। শুনানি শেষে হাইকোর্ট ৫৪ ধারার মামলাটি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকার সিএমএমের কাছে ব্যাখ্যা চায় আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল হাইকোর্টে হাজির হন তুরাগ থানার এসআই মো. শফিউল্লাহ। আদালতে দাখিল করা তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তারা বিদেশে গিয়ে কোন কোন অপরাধ সংঘটনের জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে কেউ পাঁচ বছর থেকে ২০ বছর পর্যন্ত দণ্ডিত। অপরদিকে সিএমএমের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।