এলজিইডির ৬৯টি শস্যগুদামের মালিকানা কৃষি বিপণন অধিদপ্তরে হস্তান্তর

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০০:১০

খাদ্য নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতে ৬৯টি শস্যগুদামের মালিকানা কৃষি বিপণন অধিদপ্তরে হস্তান্তর করল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়া ১০৬টি উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য কৃষি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশে শস্যগুদাম কার্যক্রম একটি জনপ্রিয় ও সফল মডেল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এই সাফল্য সামনে রেখে খাদ্য নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতে সারা দেশে আরো শস্যগুদাম নির্মাণ করা হবে।

তিনি বলেন, কৃষক প্রশিক্ষণকেন্দ্র নির্মাণও সারা দেশে সম্প্রসারিত ও বর্ধিত করা হবে, যাতে করে কৃষিকে আরো উন্নত করা যায়। কৃষকের জীবনমান উন্নত করার কাজে লাগানো যায়।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, কৃষি খাতকে আরো আধুনিকায়ন, গুণগত পরিবর্তন এবং প্রযুক্তির বিকাশ ঘটাতে উপজেলা পর্যায়ে কৃষি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ সঠিক সিদ্ধান্ত। এর মাধ্যমে কৃষকেরা সারা বিশ্বে উদ্ভাবিত নতুন প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিষয়ে প্রশিক্ষণ পেয়ে কৃষি জ্ঞানে সমৃদ্ধ হবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থার প্রধানসহ সারা দেশের বিভিন্ন উপজেলার প্রশাসন ও কৃষি বিভাগের চার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।