আধুনিক ঢাকা গড়া হবে সব সংস্থার মাস্টারপ্ল্যানের সমন্বয়ে :তাপস

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০০:১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সকল সংস্থার মাস্টারপ্ল্যান সমন্বয় করে ‘ইন্টিগ্রেটেড মাস্টারপ্ল্যান ফর ঢাকা সিটি’ প্রণয়ন করা হচ্ছে। যার মাধ্যমে আমরা আমাদের সেবাগুলো যেমনি নিশ্চিত করব তেমনি একটি আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারব। বিশ্ব নগর দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবন থেকে জুম প্ল্যাটফরমের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশের ঢাকা কেন্দ্র কর্তৃক আয়োজিত কারিগরি আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর এবং প্রকৌশলী মো. শাহাদত্ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক প্রকৌশলী এ কে এম সাইফুল ইসলাম এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. নীলোপল অদ্রি। নগর গবেষণা কেন্দ্র, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. প্রকৌশলী মুহম্মদ আলমগীর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম কেন্দ্রিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। কিন্তু সেগুলো প্রকল্প কেন্দ্রিক। আমরা কোনোটাই বাদ দিচ্ছি না। আমরা সবগুলোকে সমন্বয় করে একটা ‘ইন্টিগ্রেটেড মাস্টারপ্ল্যান ফর ঢাকা সিটি’ প্রণয়ন করতে যাচ্ছি। এ সময় ডিএসসিসি মেয়র স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ এ বর্ণিত করপোরেশনের কার্যাবলী উল্লেখ করে বলেন, নগরের জনস্বাস্থ্য থেকে সরকারি সকল জলাধার নিয়ন্ত্রণ- পরিচালনা, বাজার নিয়ন্ত্রণ-পরিচালনা, বেওয়ারিশ ও গবাদি পশু নিয়ন্ত্রণ-ব্যবস্থাপনা, ইমারত নির্মাণ-নিয়ন্ত্রণ, ভূমি উন্নয়ন প্রকল্প প্রণয়ন, রাস্তার বাতি থেকে যানবাহন, অগ্নিনির্বাপণ, জননিরাপত্তা, বেসামরিক প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, পার্ক, উদ্যান, খোলা জায়গা, নিম্নাঞ্চল এমনকি নগরীর উন্নয়নে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন সব কিছুই সিটি করপোরেশনের কার্যাবলীর আওতায় পড়ে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, একটি নগরের সকল কার্যক্রমকে একটি সমন্বিত জায়গায় আমরা আজ অবধি আনতে পারিনি।