রাজধানীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকার একটি বাসা থেকে লিমা আক্তার (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মুগদা থানার উপ-পরিদর্শক ফিরোজ হুসাইন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত দেড়টার দিকে হিরু মিয়া রোড বালুর মাঠ এলাকার তিনতলা ভবনের একটি রুম থেকে ঐ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না প্যাঁচানো ও দুই হাত ওড়না দিয়ে বাঁধা অবস্থায় ছিল।
তিনি আরো জানান, চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাই সুমন বলেন, বোনসহ আমরা সবাই কবি জসীমউদ্দীন রোডে থাকতাম। সে গত জানুয়ারি মাসে নগদ ১ লাখ টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ নেই। আমরা জানতে পারি, নিলয় (২৮) নামের এক ছেলের সঙ্গে তার প্রেম হয়। ১৫/২০ দিন আগে তাদের বিয়েও হয়। বিয়ের পরে মুগদা মান্ডা এলাকায় একটি দুই রুমের বাসায় ভাড়া থাকত।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার আঙ্গারিয়া গ্রামে। তিন বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।
