ঢাকার পল্লবী থানা হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামে এক যুবককে নির্যাতন করে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বরখাস্তকৃত এসআই জাহিদুর রহমান জাহিদ হাইকোর্টে আপিল করেছেন। আপিলে তিনি বিচারিক আদালতের রায় বাতিল করে তাকে খালাস দেওয়ার আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়।
গত ৯ সেপ্টেম্বর জনি হত্যা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পুলিশের তিন সদস্যকে যাবজ্জীবন সাজা, ১ লাখ টাকা করে জরিমানা এবং পুলিশের দুই সোর্সকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেন। এই যাবজ্জীবন সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন এসআই জাহিদ। যিনি এই মামলার প্রধান অভিযুক্ত।
২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি মিরপুর ১১ নম্বর সেক্টরে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে পুলিশের সোর্স সুমন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করেন। জনি ও তার ভাই এ সময় সুমনকে সেখান থেকে চলে যেতে বললে তিনি পুলিশে ফোন দেন। পুলিশ এসে জনিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে থানার ভেতরে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে পল্লবী থানায় মামলা করেন জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি।
