কসবায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৮:২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।  শুক্রবার দুপুরে উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (৫)। 

আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের বিল্লাল মিয়া (২২), সুনামগঞ্জের ছাতক নরসিংহপুরের প্রাইভেটকার চালক সালমান (২২), মুরাদনগর থানার যাত্রাপুর গ্রামের নিহত নাবালক মিয়ার ছোট ভাই খুরশেদ আলম (৬০) ও নাতনি জান্নাত (৪)।

পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী আহত ৪ জনকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।

আরও পড়ুন: জুয়েল হত্যায় আরও একজন গ্রেফতার

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। 

ইত্তেফাক/এসি