নারী ফুটবল লিগ ফিরছে আজ

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:০৩

স্পোর্টস রিপোর্টার

জাতীয় দলের পুরুষ ফুটবলাররা মাঠে অনুশীলনে নেমেছেন। আর নারী ফুটবলাররা অপেক্ষায় ছিলেন তারা কখন মাঠে নামবেন। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি থাকা নারী ফুটবলাররা আজ থেকে মাঠে নামবেন। তাদের স্থগিত হওয়া লিগ আজ পুনরায় শুরু হবে। কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৩টায় বসুন্ধরা কিংস খেলবে এফসি উত্তরবঙ্গের বিপক্ষে।

আট মাস আগে বহু প্রতীক্ষিত লিগ শুরু হয়েছিল। কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবলারদের দৌড়ঝাঁপ নজর কেড়েছিল। গোল উত্সব দেখা গিয়েছিল শক্তিশালী বসুন্ধরা কিংসের খেলায়। অন্যান্য দলও বেশ দাপট দেখাচ্ছিল। নারী ফুটবলারদের উচ্ছ্বাস থেমে গিয়েছিল দুনিয়া জুড়ে কোভিড-১৯ নামের ভাইরাসের প্রকোপের কারণে। বাফুফেও নারী ফুটবল লিগ থামিয়ে দিতে বাধ্য হয়েছিল। ৭ দল নিয়ে এই লিগ ৫ রাউন্ড হয়ে বন্ধ হয়। তখন ৫ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বসুন্ধরা কিংস। জাতীয় দলের সব বড় বড় ফুটবলার খেলছেন বড় বাজেটের বসুন্ধরায়। কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুনদের নিয়ে গড়া বসুন্ধরা কিংসের আক্রমণভাগ ঠেকানোর কেউ নেই।

বসুন্ধরা ৫ ম্যাচে ৫১ গোল করেছে। গোল হজমও করেনি। এই অর্ধশতাধিক গোলের মধ্যে জাতীয় দলের তারকা স্ট্রাইকার  সাবিনা খাতুনের নামে আছে ১৫ গোল। কৃষ্ণা সরকারের ৯ এবং তহুরা খাতুন ৮ গোল করেন। ৪ ম্যাচ খেলে নাসরিন স্পোর্টিং ক্লাব ৯ পয়েন্ট নিয়ে টেবিলের বসুন্ধরার পেছনে রয়েছে। আর সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে এএফসি উত্তরবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে। ১২ ডিসেম্বর লিগের প্রথম পর্ব শেষ হবে। বিরতি দিয়ে পুনরায় ফিরতি লিগ মাঠে গড়াবে। ২০ নভেম্বর শুরু হবে ফিরতি পর্ব।