গরিবের ঘর পেল ইউপি চেয়ারম্যানের তিন ভাইপো!

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:১০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে গরিবের ঘর পেল শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারমানের তিন ভাইপো। যদিও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন দাবি করেন, যারা ঘর পেয়েছে তারাও গরিব। এ নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজনপীতির অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের বড় ভাই হুদা মাইলমারি গ্রামের মৃত আজিবর মণ্ডলের ছেলে নজরুল ইসলাম ও শামসুল ইসলাম এবং মোকাদ্দেস মণ্ডলের ছেলে আমিরুল ইসলামকে ঘর দেওয়া হয়েছে। দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। শৈলকুপা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরে শৈলকুপা উপজেলায় ৩৩টি দুর্যোগ সহনীয় ঘর বরাদ্দ হয়। আর ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলায় ৪০টি ঘর বরাদ্দ ছিল। এ প্রকল্পের অধীন চেয়ারম্যানের তিন ভাইপো ঘর পেয়েছেন। চেয়ারম্যানের বাড়ির সঙ্গে লাগোয়া এ ঘরগুলো নির্মিত হয়েছে। এদিকে মির্জাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন বলেন, তিনি কোনো স্বজনপ্রীতি করেননি। তার তিন ভাইপো গরিব। সরকারের নিয়মনীতি মেনে তাদের ঘর বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তদন্ত করে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।