সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, কতিপয় প্রভাবশালী ব্যক্তি পদ্মা নদীর হাসামপুর, বড়খাপুর, নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া এবং হাজারবিঘার চরসহ অন্তত ১০টি পয়েন্ট থেকে বালু উত্তোলন করছে। গোপালপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বালু উত্তোলন অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এ এলাকার বেশির ভাগ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী বলেন, ইতিপূর্বে বালু উত্তোলন বন্ধে নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় অর্ধশত ড্রেজার ধ্বংস করা হয়েছে। খোঁজখবর নিয়ে প্রয়োজনে আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
