হাতিয়ায় ট্রলারডুবিতে এক জনের মৃত্যু

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:১২

নিখোঁজ ১, উদ্ধার ৩

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়ার নিঝুমদ্বীপের কাছে শুক্রবার সকালে ট্রলারডুবিতে অমর চন্দ্র দাস (১৭) নামের এক জেলে মারা গেছে। এখনো মিলন নামে একজন নিখোঁজ রয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে জীবিত উদ্ধার করা হয়। জানা গেছে, তমরদ্দি আঠারবেকীর সুমন মাঝির মাছ ধরার ছোট ট্রলারটি মেঘনার মোহনায় নোঙর করা ছিল। হঠাত্ জোয়ারের তোড়ে তা উলটে যায়। এ সময় জেলেরা ঘুমন্ত অবস্থায় ছিল। সকালে স্থানীয় জেলেরা অমর দাসকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার সূর্য মাঝির ছেলে মিলন দাস। এদিকে স্থানীয় জেলেরা সুমন মাঝি, রিয়াজ উদ্দিন ও রাজুকে জীবিত উদ্ধার করে। এদের সকলের বাড়ি হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের আঠারবেকী গ্রামে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, নিহত জেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।