ইউএনওর ফোন নম্বর ক্লোন করে টাকা দাবির অভিযোগ

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিকের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং সচিবদের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার টাকা দাবি করার এ ঘটনা জানা যায়। চাঁদা দাবিকারী নিজেকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিক হিসেবেও পরিচয় দেয়। এ বিষয়ে ইউএনও মো. একরামুল সিদ্দিক জানান, একটি চক্র আমার সরকারি নম্বর ক্লোন করে উপজেলার বেশ কয়েক জন ইউপি চেয়ারম্যানসহ সচিবদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে। তিনি আরো জানান, সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে টের পেয়ে তাত্ক্ষণিক উপজেলার সব সরকারি-বেসরকারি দপ্তরসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেছেন।