সাত পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:৪১

চেম্বারে প্রেগনেন্ট রোগী আসলে যখন আমি বাধ্যতামূলক সাতটা পরীক্ষা করতে দেই তখন রোগীদের ও তাদের অ্যাটেনডেন্টের চাহনী দেখে আমার নিজেকে অপরাধী মনে হয়! তাদের চাহনীতে স্পষ্ট দেখতে পাই তারা মনে মনে বলছে—ম্যাডাম, আপনারে ভালো ভেবেছিলাম... আপনিও এমন? খালি টেস্ট দেন আর কমিশন খান...বুঝছি!! তাদের চোখের ভাষা পরে আমিও অতীব দুঃখের সহিত মনে মনে গান গাই— ‘কি করে বোঝাই...কতটা ....ভালোবাসি থুক্কু কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো...’!!

শুধু মনে মনেই না প্রকাশ্যেও তাদের বুঝানোর চেষ্টা করি কেন দরকার পরীক্ষাগুলো! যত যাই বুঝাই অধিকাংশ রোগীদের ধারণা—আমি তো সুস্থই আছি..হুদাই এতগুলো পরীক্ষা কেন করব? খালি আল্ট্রা করলেই তো হয়!

হোক সেটা গ্রামে—গঞ্জে বা ঝকঝকে করপোরেট হাসপাতালে! শিক্ষিত...অর্ধশিক্ষিত বা উচ্চ শিক্ষিত! টেস্টের কথা শুনলেই মনে করে কমিশন!! দুঃখে মাঝে মধ্যে আমার মাটিতে ল্যাটা মেরে বসে কাঁদতে ইচ্ছে করে!!

কেন দরকার এতগুলো পরীক্ষা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টায় আজকের এই লেখা— ১) Hb% (হিমোগ্লোবিন পারসেন্টেজ)—আপনার শরীরে রক্তের পরিমাণ কেমন মানে আপনার রক্তস্বল্পতা আছে কি না সেটা জানার জন্য এই পরীক্ষার গুরুত্ব অপরিসীম!এই পরীক্ষার ওপর ভিত্তি করেই ডাক্তার নির্ধারণ করবেন আপনাকে মুখে আয়রন ট্যাবলেট দিবে নাকি আয়রন ইনজেকশন দিবে নাকি রক্ত দিতে হবে! প্রেগন্যান্সিতে স্বাভাবিক সময়ের চেয়ে রক্তস্বল্পতা হওয়ার ঝুঁকি বেশি! যদি সঠিক সময়ে ডায়াগনসিস না করে চিকিত্সা না দেওয়া হয় সেক্ষেত্রে স্বল্প ওজনের বাচ্চা প্রসব বা সময়ের আগেই বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়া এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণ জটিলতায় মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে!! ২) ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং—আপনি জানেনই না আপনার রক্তের গ্রুপ কি? হঠাত্ যে কোনো জরুরি প্রয়োজনে আপনাকে জরুরিভিত্তিতে রক্ত দিতে হবে! তখন আপনার রক্তের গ্রুপ পরীক্ষা করবে নাকি ডোনার রেডি করবে? আগে গ্রুপ পরীক্ষা তারপর ডোনার খুঁজতে খুঁজতে আপনি দুনিয়াকে টাটা বাই বাই দিয়ে ওপারেও চলে যেতে পারেন! আর প্রেগন্যান্সিতে যে কোনো সময় যে কোনো ইমারজেন্সি ঘটতেই পারে! আর যদি নেগেটিভ রক্ত হয় তাহলে তো কথাই নেই!  ৩) রেন্ডম ব্লাড সুগার—ধরে নিলাম আপনার আগে ডায়বেটিস ছিল না! কিন্তু প্রেগন্যান্সিতে নতুন করে আপনার ডায়বেটিস হতে পারে! এজন্য এ পরীক্ষাটি অপরিহার্য ! বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা প্রসবের আগে পেটে বাচ্চা মারা যাওয়ার মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারে অনিয়ন্ত্রিত ডায়বেটিসের কারণে! ডায়বেটিক মাদের বাচ্চা বড়সড় হয়! এজন্য বেবি নরমালে না সিজারিয়ানে হবে এজন্য ডক্টরকে আগে থেকে প্ল্যান নিতে হয়!  ৪) এইচ বি এস এ জি—এই পরীক্ষা দিয়ে গর্ভবতী মায়ের হেপাটাইটিস বি আছে কি না বুঝা যায়! এই পরীক্ষাটি কিন্তু গর্ভবতী মা ও তার গর্ভের শিশুর জন্য যেমন জরুরি গর্ভবতী মাকে সেবা প্রদানকারীর মানুষটির জন্যও ঠিক তেমনভাবেই জরুরি!  ৫) ইউরিন আর/এম/ই-গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়! এ সময় প্রসাবে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়! এই ইনফেকশনের কারণে মায়ের কিডনিতে ইনফেকশনের পাশাপাশি আক্রান্ত মা ডেলিভারীর সময়ের আগে প্রসব বেদনা উঠে কম দিনের, কম ওজনের বাচ্চা জন্মদান করতে পারেন! মাঝে মধ্যে লক্ষণসহ প্রসাবের ইনফেকশন দেখা দিলেও কখনো কখনো কিন্তু কোনো উপসর্গ ছাড়াই এই ইনফেকশন থাকতে পারে! তাই টেস্ট ছাড়া বুঝা কি সম্ভব? ৬) ভিডিআরএল—এই টেস্টটি করা হয় রোগীর সিফিলিস আছে নাকি এটা দেখার জন্য! কারণ গর্ভবতী মায়ের সিফিলিস থাকলে গর্ভের সন্তানেরও কনজেনিটাল সিফিলিস হতে পারে! বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ পরীক্ষাটি...! ৭) আল্ট্রাসনোগ্রাফী অফ প্রেগন্যান্সি প্রোফাইল—অধিকাংশ মানুষ প্রেগন্যান্সির পরীক্ষা বলতে শুধু আল্ট্রাসনোগ্রামই বুঝেন! সবচেয়ে বড় আগ্রহ বাচ্চা কি হবে? ছেলে না মেয়ে? অনেকেই শুধু বাচ্চার লিঙ্গ জানতেই আল্ট্রা করান! বাচ্চার লিঙ্গ নির্ধারণ ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে এই রিপোর্ট! তবে এখন নতুন আর একটা পরীক্ষা যোগ হয়েছে। সেটা হলো—TSH (সিরাম টিএসএইচ)— এ পরীক্ষাটি ভীষণ অর্থবহ। এটি দ্বারা কারো হাইপোথাইরয়ডিজম বা হাইপারথাইরয়ডিজম আছে কি না তা জানা যায়। আগে থেকে জানা গেলে প্রয়োজনীয় চিকিত্সার মাধ্যমে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। তবে আমার দেখা মতে রোগীরা অন্য পরীক্ষাগুলো করতে গড়িমসি করলেও আল্ট্রা করতে তাদের উত্সাহের কমতি নাই!

যারা মনে করেন ডাক্তারের কাছে গেলেই আজাইরা পরীক্ষা দেয় কমিশনের লোভে তারা প্লিজ এই ধারণা থেকে বেরিয়ে আসুন! আপনাদের যেমন একটি সুস্থ সন্তানের প্রতীক্ষা, আমাদেরও তেমন প্রতীক্ষা আপনার নিরাপদ মাতৃত্বের! আপনার নিরাপদ মাতৃত্বের স্বার্থেই উপরোক্ত প্যারামিটারগুলো ডাক্তারের জানা দরকার! বিশ্বাস করেন আর নাই করেন ...আমাদের কমিশনখোর ভাবেন আর যাই ভাবেন পরীক্ষাগুলো কিন্তু লাগবেই লাগবে! আপনার সুস্থতার স্বার্থে...আপনার অনাগত সন্তানের সুস্থতার স্বার্থে...!!

n লেখক : মেডিক্যাল অফিসার, এপিলিয়ন গ্রুপ