শ্যামপুর খালের বর্জ্য অপসারণ শুরু

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:২০

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্দেশনায় গতকাল শুক্রবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন সংস্থার মৃতপ্রায় খালা ও জলাশয়ে পানি প্রবাহ সৃষ্টির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে প্রজননস্থল ধ্বংস করে মশা নিয়ন্ত্রণের উদ্দেশে শ্যামপুর খাল পরিষ্কার করা হচ্ছে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ আসনের ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুর রহমান এবং সংরক্ষিত আসনের ২৫ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাহিদা বেগম এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুল আমিন বলেন, ডিএসসিসির মেয়র ঢাকা দক্ষিণের আওতাধীন এলাকা শ্যামপুর খাল, জিরানি খাল, কালুনগর খাল, মান্ডা খাল ও খিলগাঁও ঝিলের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যে নির্দেশনা দিয়েছেন, তারই আলোকে শ্যামপুর খালের বড়ইতলা পয়েন্ট থেকে কার্যক্রম শুরু হয়েছে। করপোরেশনের অন্যান্য বিভাগের সহযোগিতায় বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রায় ১০০ পরিচ্ছন্ন কর্মী শ্যামপুর খালের বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। এই কার্যক্রম চলবে। অন্যদিকে গত ১ নভেম্বর থেকে ধানমন্ডি লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ডিএসসিসি। ধানমন্ডি লেকের সেই পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম গতকালও চলমান ছিল।