আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ইলমদি আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার এসআই পলাশ কান্তি রায় বলেন, রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন আরমান হোসেন। প্রতিদিনের মতো তিনি রাতের পালার কাজ শেষে রূপগঞ্জ থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে আড়াইহাজারের খাগকান্দা এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। ইলমদি আমবাগান এলাকায় পৌঁছালে ডাকাতরা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে পাশের আমবাগানে বেঁধে রাখে। ভোর ৬টার দিকে ডাকাতরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আরমানের স্বজন ও গ্রামবাসী মিলে দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় দলের অন্যরা পালিয়ে গেলেও একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আরমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত আরমান হোসেন বলেন, ‘রাত আনুমানিক পৌনে ১২টায় কারখানা থেকে বের হয়ে আড়াইহাজারের উদ্দেশে রওনা দেই। সাড়ে ১২টার দিকে ইলমদি আমবাগানের সামনে আসলে দেখি কলাগাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। এ সময় পাঁচ থেকে ছয় জন ডাকাত আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে মারধর করে পাশের আমবাগানে নিয়ে বেঁধে রাখে। তবে সেখানে উদয়দি এলাকার আরেক জনকেও মারধর করে বেঁধে রাখে। ভোর ৪টার দিকে হাতের বাঁধন খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করলে দেখা যায় ডাকাতরা তাদের পোশাক পরিবর্তন করছে। আর তখন তারা আমাকে ধরে আবারও মারধর করে বেঁধে রাখে। তখন মাইকে ঘোষণা দিতে শোনা যায় এলাকায় ডাকাত পড়েছে। তারপর কী হয়েছে কিছু বলতে পারছি না।’ আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।
