মোহাম্মদপুরের ত্রাস মনির তিন দিনের রিমান্ডে

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:২২

অস্ত্র ও মাদক আইনে দুই মামলা

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর থেকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে র্যাব। ঢাকা উদ্যান হাউজিং সোসাইটিতে মনিরের বাগানবাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান উদ্ধারের ঘটনায় র্যাব-২-এর একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে অস্ত্র আইনে মোহম্মদপুর থানায় মামলা দায়ের করেন। একই ঘটনায় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাবের ঐ কর্মকর্তা বাদী হয়ে মাদক আইনেও মামলা দায়ের করেন।

র্যাব জানায়, ঢাকা উদ্যানের প্রধান সড়কে অবস্থিত বাগানবাড়িতে মনিরের সাবিহা রিয়েল এস্টেটের অফিস। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব বাগানবাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে জমি ও বাড়ি দখল, চাঁদাবাজি, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে ৭৫টি মামলা ও জিডি রয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, মনিরের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার মধ্যে মাদক আইনে দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মাদক মামলার রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ অস্ত্র আইনে দায়ের করা মামলায় রিমান্ডের আবেদন করা হবে।