গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস পালিত

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লিতে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও তিন সাঁওতাল হত্যার চতুর্থবার্ষিকী গতকাল শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে শোক র্যালি, শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্বালন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, এএলআরডি ও জনউদ্যোগ গাইবান্ধা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।

সকাল সাড়ে ৮টায় জয়পুর গ্রামের সাঁওতাল পল্লির অস্থায়ী শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বালন করা হয়। পরে সাঁওতাল পল্লি জয়পুর ও মাদারপুর গ্রাম থেকে ব্যানার ও বিভিন্ন দাবি দাওয়া সংবলিত ফেস্টুনসহ এক বিশাল মিছিল গোবিন্দগঞ্জ শহিদ মিনারে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশের শুরুতে শহিদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি শহিদ আলফ্রেড সরেনের বোন রেবেকা সরেন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ভূমি অধিকার কর্মী এএলআরডির প্রতিনিধি অ্যাড. রফিক আহমেদ সিরাজী, আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, নওগাঁ জেলা সিপিবি সভাপতি অ্যাড. মহসিন রেজা, আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা বদিউজ্জামান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গণি রিজন, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, আদিবাসী নেতা সুনীল খালকো, সুফল হেমব্রম, প্রিসিলা মুর্মু, অলিভিয়া হেমব্রম প্রমুখ।

সমাবেশে রবীন্দ্রনাথ সরেন বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনি মিল কর্তৃপক্ষ বেআইনিভাবে উচ্ছেদের নামে আদিবাসীদের বসতবাড়িতে হামলা করে। তারা নিরীহ আদিবাসীদের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং বর্বরোচিতভাবে গুলিবর্ষণ করে। গুলি ও নির্যাতনে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু নিহত এবং অনেকেই গুরুতর আহত হন। কিন্তু ঘটনার চার বছর পেরিয়ে গেলেও মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা দ্রুত এই মামলার ন্যায় বিচার চাই।

ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (সিআইডি)-এর গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান জানান, মামলাটি তদন্তের জন্য গত ফেব্রুয়ারি মাসে পিবিআই তাদের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।