দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে মারা গেছেন ১৫ জন। এ পর্যন্ত করোনায় মোট ৬ হাজার ৩৬ জন মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৪৬ জন (৭৬ দশমিক ৯৭ শতাংশ) এবং নারী ১ হাজার ৩৯০ জন (২৩ দশমিক ০৩ শতাংশ)। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত এক দিনে নতুন ১ হাজার ৪৬৯ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৪৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩৫ হাজার ২৭ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৪টি ল্যাবে ১৩ হাজার ৫২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ২৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১১ জন, নারী চার জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, পাঁচ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং চার জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। আট জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের এবং একজন করে মোট দুই জন রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
