ঢাকায় ভারতের ভিসতারা এয়ারলাইনসের ফ্লাইট কার্যক্রম উদ্বোধন

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৫৯

ঢাকায় ফ্লাইট কার্যক্রম শুরু করেছে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ভিসতারা টাটা সিয়া এয়ারলাইনস। এয়ারলাইনসটি সপ্তাহের প্রতি রবিবার ও বৃহস্পতিবার ঢাকা-দিল্লি রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এ ভিসতারার ঢাকা-দিল্লি ফ্লাইট উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিমানযাত্রীরা যেন শান্তিপূর্ণভাবে ভ্রমণ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি ভিসতারা টাটা সিয়া এয়ারলাইনসের শুভ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সদস্য (অপারেশন্স) এয়ার কমোডর মো. খালিদ হোসেন, ভিসতারার প্রতিনিধি কাইজাদ পেসি পোস্টওয়াল্লা, ঢাকার জিএসএ মাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের কর্ণধার সোহাগ হোসেন ও বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এস তৌহিদ উল আহসান প্রমুখ।