সীমান্তে চীনের সঙ্গে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আছে

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৫৯

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় ও চীনা সেনার মধ্যে বৃহত্তম সংঘাতের সম্ভাবনার কথা জানিয়েছেন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। সেই সঙ্গে তার অভিযোগ, পাকিস্তানের সঙ্গে চীন হাত মেলানোর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার

ঘটনাচক্রে গতকাল সকালে লাদাখ পরিস্থিতি নিয়ে দুই সেনার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠক শুরু হয়েছে। চুসুল লাগোয়া মলডোতে এই বৈঠকে প্রথমবার ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ১৪ নম্বর কোরের নতুন কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল পি জি কে মেনন। এর আগে সাত বার এই বৈঠকে ১৪ নম্বর কোরের কমান্ডার পদে মেননের পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ হাজির ছিলেন। গত ১৪ অক্টোবর সপ্তম দফার বৈঠকে হরেন্দ্রর সহকারী হিসেবে বৈঠকে ছিলেন মেনন। তাছাড়া এদিনের বৈঠকে কেন্দ্রের এক অসামরিক কর্মকর্তাও যোগ দিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, প্যাংগং হ্রদের উত্তর তীরে ফিঙ্গার এরিয়া পাঁচ থেকে আট পর্যন্ত ভারতীয় সেনা যাতে আগের মতো টহল দিতে পারে, বৈঠকে সেই দাবি তোলা হবে। পাশাপাশি সংঘাতের নতুন ক্ষেত্র অর্থাত্ হ্রদের দক্ষিণ তীর থেকে লাল ফৌজ সরানোর দাবি জানানো হচ্ছে। জেনারেল রাওয়ত স্পষ্ট জানিয়েছেন, চীনা ফৌজের আগ্রাসি আচরণের কারণেই পূর্ব লাদাখে সমস্যা তৈরি হয়েছে। আগামী দিনে তা আরো তীব্র হতে পারে। তার কথায়, নিরাপত্তা সংক্রান্ত সামগ্রিক ভাবনা থেকেই সীমান্তে সংঘাতে, আগ্রাসন এমনকি প্ররোচনাহীন সামরিক দ্বৈরথের ঘটনা ঘটতে পারে। তার পরিণতিতে বড় ধরনের সংঘাতও হতে পারে। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি বলেন, এলএসি বদলে দেওয়ার কোনো প্রচেষ্টা আমরা বরদাস্ত করব না।