মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. ওমর সানি (৩০), শামীম মিয়া (২৫), রাব্বী মিয়া (২০), ইভা আক্তার (২৫), আঁখি আক্তার (৩৪), ওয়াজকুরনি (৩২), শামীম (২৬) ও মেহেদী হাসান (২০)। আহত সবাইকে চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে বিভক্ত। এরই ধারাবাহিকতায় বর্তমান চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহ-আলমের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহ আলমের দলীয় অফিস ভাঙচুর করা হয়। অপরদিকে চেয়ারম্যান জুয়েলের সমর্থকের একটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, ঘটনাটি শোনার পরপর পুলিশ পাঠানো হয়েছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এখনো কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
