সরকার লাইফ সাপোর্টে :গয়েশ্বর

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০০:২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের স্বাস্থ্য খাত এখন ভেন্টিলেশনে। সরকারও কিন্তু ভেন্টিলেশনের খুব একটা বাইরে না। সরকার ‘লাইফ সাপোর্টে’ রয়েছে।  ভেন্টিলেশনের যে একটা পাইপ থাকে, সেই টিউবটা খোলার লোক নাই। এটা খুললে কিন্তু যারা লাইফ সাপোর্টে থাকে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘোষণা করা হয়। বর্তমানে সরকারের অবস্থা তাই মনে হয়। জনগণের সমর্থনহীন ভোটারবিহীন ভোট ডাকাতের সরকার লাইফ সাপোর্টে থাকা ছাড়া অন্য কোথাও থাকার সুযোগ নাই। এই লাইফ সাপোর্টের টিউবটা খোলার দায়িত্ব যদি জনগণ নিয়ে নেয় তাহলে সরকারের মেয়াদ খুব বেশি থাকার কথা না।

গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কার্যালয়ের নিচতলায় স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের সব অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার আজিজুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাগপা (একাংশের) সভাপতি খন্দকার লুত্ফর রহমান প্রমুখ বক্তব্য দেন।

গয়েশ্বর রায় বলেন, আজকে আমাদের এই দুরবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ একটা জাতীয় ঐক্য।  আমি আশা করব আমাদের ব্যক্তিগত চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে মূল লক্ষ্য জনগণকে মুক্তি দেওয়া, স্বাধীনতার চেতনার গণতান্ত্রিক যে রাষ্ট্র সে রাষ্ট্রটি যদি আমরা ফেরত আনতে পারি তাহলে জনগণ আমাদের পুরষ্কৃত করবে।